প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
পর্তুগালে ঘূর্ণিঝড় ‘চার্লস’-এর তাণ্ডবের আশঙ্কা, বাতিল শত ফ্লাইট

আটলান্টিক মহাসাগর থেকে ধেয়ে আসা শক্তিশালী ঝড় ‘চার্লস’-এর প্রভাবে সতর্ক অবস্থায় রয়েছে পর্তুগাল। ঝড়ের প্রভাবে বুধবার (১১ নভেম্বর) দেশটির বিভিন্ন অঞ্চলে স্কুল ও জরুরি নয় এমন সরকারি সেবা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মূল ভূখণ্ডে মধ্যরাত পর্যন্ত সরকারি সতর্কতা জারি ছিল। ঝড়ের আশঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি নয় এমন সরকারি পরিষেবা বন্ধ রাখা হয়।
বার্তা সংস্থা লুসার তথ্য অনুযায়ী, বুধবার সকালে লিসবন ও ফারো বিমানবন্দরে আসা-যাওয়ার অন্তত ২২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া মাদেইরা বিমানবন্দরেও আরও ১৬টি ফ্লাইট বাতিল করা হয়।
এর আগে আটলান্টিক মহাসাগরের দ্বীপ মাদেইরায় প্রবল বৃষ্টিপাত ও শক্তিশালী বাতাসের কারণে ব্যাপক প্রভাব ফেলে ঝড়টি।
পর্তুগালের আবহাওয়া সংস্থা আইপিএমএ বুধবার সকালে লিসবন, সেটুবাল ও বেজা অঞ্চলে বাতাসের সতর্কতা সর্বোচ্চ লাল স্তর থেকে কমিয়ে কমলা স্তরে নামিয়ে আনে। ঝড়টি দুটি কেন্দ্রে বিভক্ত হয়ে যাওয়ায় এর সম্ভাব্য তীব্রতা কিছুটা কমেছে বলে জানানো হয়।
তবে মধ্য ও দক্ষিণ পর্তুগালের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে সর্বোচ্চ লাল সতর্কতা বহাল রয়েছে।
এদিকে, জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোর পর্যন্ত মূল ভূখণ্ডে আবহাওয়াসংশ্লিষ্ট অন্তত ৬০টি দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতির খবর পাওয়া গেছে। এসব ঘটনার বেশির ভাগই বন্যা ও জলাবদ্ধতাসংক্রান্ত।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহত্তর লিসবন অঞ্চল ও সেটুবাল উপদ্বীপ। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।